ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁ সদর উপজেলায় লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড ও ভাটাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) এলাকায় অবস্থিত ‘মেসার্স বিবিসি ব্রিকস’-এ এই অভিযান চালায় জেলা প্রশাসন।
নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কোনো লাইসেন্স ছাড়াই মেসার্স বিবিসি ব্রিকস দীর্ঘদিন ধরে ইট পুড়িয়ে আসছিল। এই অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রথমে ইটভাটাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত চুল্লি নিভিয়ে দেওয়া হয়। একপর্যায়ে এক্সকেভেটরের মাধ্যমে ইটভাটার চুল্লি (কিলন) ও চিমনি গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা এবং দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ