ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের কেবল ওয়ান অফিসের ভাইরাল ভিডিওতে নিজের অবস্থান ব্যাখ্যা এবং সাবেক আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে ডিশ ব্যবসা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় নগরীর কামালকাছনা এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গালিব দাবি করেন, ২০০৯-১০ সালে তিনি কামালকাছনা ও আশপাশের এলাকায় ডিশ ব্যবসা শুরু করেন। কিন্তু ২০১৫ সালে তৎকালীন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ (কানা হারুন) এবং ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমনের নেতৃত্বে তার ব্যবসা অবৈধভাবে দখল করে নেওয়া হয়। ওই সময় তাকে গ্রেপ্তার করিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
গত ১ মার্চ নগরীর প্রেসক্লাবের সামনে কেবল ওয়ান অফিসে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে গালিব বলেন, “ভিডিওতে আসা অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং বিষয়টি সম্পর্কে আগে থেকে কিছুই জানতাম না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ওই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আমার রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।” তবে ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে গালিব আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এখনো তার বৈধ ব্যবসা দখল করে রেখেছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, তার বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিষয়টি পুনরায় তদন্ত করে সাংগঠনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ