মনিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে আটক

মনিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে আটক

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মনিরামপুরে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী সালাউদ্দিন বাবলা (৪৫)-কে ৭০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ঝাঁপা পুলিশ উপকেন্দ্রের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক বাবলা রাজগঞ্জ বাজারের কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন বাবলা ঝাঁপা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। মনিরামপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকায়ও তার নাম রয়েছে।

মনিরামপুর থানা সূত্রে জানা যায়, বাবলার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঝাঁপা পুলিশ উপকেন্দ্রের এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজগঞ্জ এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এসআই আব্দুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সালাউদ্দিন বাবলাকে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে বাবলার আটকের সংবাদে এলাকায় স্বস্তি ফিরেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন