ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে স্বামী-স্ত্রীর ঝগড়া মীমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে মনির মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকার ডেমরা এলাকায় ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মনির মোল্লা চরবাংলাবাজার গ্রামের মৃত লতি মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) সকালে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রি বেগমের ঝগড়া হয়। পরে বিষয়টি ঘরোয়াভাবে মীমাংসার জন্য তারা একই এলাকার নিজাম মিজির বাড়িতে যান। সেখানে আলোচনা চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা বৃদ্ধ মনির মোল্লাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা তার স্পর্শকাতর স্থানে (অণ্ডকোষে) সজোরে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তার ছেলে তমিজ মোল্লা তাকে ডেমরার কোনাপাড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যান। সেখানে অবস্থানকালে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি পুনরায় অসুস্থ হয়ে মারা যান।
এ ঘটনায় নিজাম মিজি (৫০) ও খুইশা নামে দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে নিহতের পরিবার। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ