ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামের চৌগাছার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু হলুদের সমারোহ। এক ফসলী ও দুই ফসলী জমিতে সূর্যমুখী চাষের এই অভাবনীয় সাফল্য মহম্মদপুরের কৃষিতে সম্ভাবনার এক নতুন উর্বর ভাণ্ডারে রূপ নিয়েছে। মাঠে মাঠে কৃষকের মুখে হাসি আর কর্মচাঞ্চল্য—সব মিলিয়ে এলাকায় বইছে কৃষি জাগরণের নতুন হাওয়া।
জানা গেছে, উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামের পাঁচজন কৃষক—সঞ্জয় বিশ্বাস, নাজমুল শেখ, আরব শেখ, আতিকুল শেখ, সোলাইমান শেখ ও গোপাল বিশ্বাস একত্রিত হয়ে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দুই একরের বেশি জমিতে সূর্যমুখীর (জাত: আরডিএস-২৭২) চাষ করেছেন।
মহম্মদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং সময়োপযোগী পরিচর্যার মাধ্যমে এই চাষাবাদ চলছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। কৃষক আরব শেখ বলেন, "গত বছর যারা সূর্যমুখী চাষ করেছিলেন, তাদের ফলন ও লাভ দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। এবার আমাদের ফলনও ভালো হয়েছে। লাভজনক হলে আগামীতে আরও বড় পরিসরে চাষ করব।"
কৃষকদের মতে, ধান চাষের তুলনায় সূর্যমুখীতে সেচের প্রয়োজন অনেক কম এবং জমিতে পানি জমে থাকলেও ক্ষতির আশঙ্কা কম থাকে। মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। বাজারে ভোজ্যতেলের চড়া দাম এবং স্বাস্থ্যসচেতনতার কারণে সূর্যমুখী তেলের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় কৃষকরা এই চাষে আগ্রহী হচ্ছেন। আগে যারা শুধু ধান বা পাটের ওপর নির্ভরশীল ছিলেন, তারা এখন সূর্যমুখী চাষে বেশি লাভ দেখছেন।
অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি এই সূর্যমুখী মাঠ এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেলে পরিবার-পরিজন নিয়ে অনেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে ও ছবি তুলতে ভিড় করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ায় এলাকাটির পরিচিতিও বাড়ছে।
উপজেলা কৃষি অফিসার পিযুষ রায় বলেন, "বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামে পার্টনার প্রকল্পের আওতায় দুই একর জমিতে সূর্যমুখী চাষ হচ্ছে। বর্তমানে প্রায় ৫০ শতাংশ ফুল ফুটেছে, আশা করছি কয়েক দিনের মধ্যেই পুরো মাঠ হলুদে ভরে যাবে। সূর্যমুখী তেল কোলেস্টেরলমুক্ত ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সঠিক দিকনির্দেশনা ও কৃষকের পরিশ্রমে মহম্মদপুরে সূর্যমুখী চাষ কৃষকের ভাগ্য পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ