এমপি হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য জনাব তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।

তারেক রহমান এবারের নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। তবে সংসদীয় নিয়ম অনুযায়ী, একাধিক আসনে বিজয়ী হলে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেই অনুযায়ী তিনি গতকাল সোমবার বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনটি নিজের জন্য রেখে দেন। আজ তিনি এই আসনের প্রতিনিধি হিসেবেই শপথ নিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের সাথে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। সপরিবারে সংসদ ভবনে তাঁর এই পদার্পণ এবং দীর্ঘ দেড় যুগ পর ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

এমপি হিসেবে শপথ নেওয়ার পর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘সংসদ নেতা’ নির্বাচিত করার কথা রয়েছে। এরপর আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

সকালবেলা

মন্তব্য করুন