ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সকল ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তবে এই নতুন ভাড়া কাঠামো কার্যকর হতে কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং বিভিন্ন মহলের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও যাতায়াতে আর্থিক সাশ্রয় পাবেন। বিশেষ করে মেট্রোরেলে এতদিন শিক্ষার্থীদের জন্য কোনো হাফ পাসের ব্যবস্থা না থাকলেও, এই নতুন আদেশের মাধ্যমে তারা আংশিক ছাড়ের আওতায় আসছেন।
ভাড়া ছাড়ের ঘোষণার পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাড়তি ভাড়ার নৈরাজ্য ঠেকাতে পরিবহন খাতে কঠোর মনিটরিং জোরদার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে ও ঈদযাত্রা সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক সমাজ ইতিবাচক হিসেবে দেখছে, যদিও কার্যকর হতে কতদিন সময় লাগবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ