তেহরানের পর লেবাননেও হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তেহরানের পর লেবাননেও হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ লেবাননে এই হামলা চালানো হয়। আলজাজিরার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। 

ঘটনাস্থলে থাকা আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, সবশেষ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, বেশিরভাগ হামলা বন ও পাহাড়ি খোলা এলাকায় চালানো হয়েছে।

দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের টহল এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

এর আগে বৃহস্পতিবার তেহরানের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৬ বছর বয়সি এক সিরীয় কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হন আরও ২৯ জন। 

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শনিবারের এই হামলাকে সেই যুদ্ধবিরতির পর সবশেষ চুক্তি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন