বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই রাজকীয় ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।"

প্রধানমন্ত্রী তাঁর সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরে বলেন, স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। তিনি একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, নারী ক্ষমতায়ন এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশ সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে সবার সঙ্গে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তাঁর ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া একই টেবিলে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ইফতার করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সসহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন