ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

তাছনিম আলম, ইবি প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন জানান, সরকারের ডেঙ্গু প্রতিরোধমূলক উদ্যোগের সঙ্গে একাত্মতা জানিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার ঝুড়ি স্থাপন করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "ডেঙ্গু প্রতিরোধসহ যেকোনো রোগ-জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে যেকোনো বিপর্যয় থেকে মুক্ত থাকা সম্ভব। আমাদের সুন্দর ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে এবং হল, বিভাগ ও অফিসগুলোতে এডিস মশার প্রজননক্ষেত্র বিনষ্টে সবাইকে সচেতন হতে হবে।"

উল্লেখ্য, অভিযানের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্টে ময়লার ঝুড়ি বসায় ছাত্রদল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন