উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞানাগার ও লাইব্রেরী উদ্বোধন
মোঃ ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব), ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সুবিধার শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও আমেনা মারজান বলেন, "মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কেবল শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পাঠাভ্যাস ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাও সমান জরুরি। বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করবে।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উল্লেখ করেন, আধুনিক এই সায়েন্স ল্যাবটি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি হাতে-কলমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার সুযোগ বাড়াবে। একই সঙ্গে ওয়াল লাইব্রেরী শিক্ষার্থীদের মাঝে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। অন্যদিকে, নতুন অভিভাবক শেডটি বিদ্যালয়ে আসা অভিভাবকদের জন্য একটি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করবে।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা