কুমিল্লায় বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
কুমিল্লায় বিষপানে স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

বিশেষ প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক সদ্য বিবাহিত দম্পতি। এতে নয়ন হোসেন (২৪) নামে স্বামীর মৃত্যু হয়েছে এবং স্ত্রী বর্ষা বেগম (২২) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট পৌর বাজারসংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তাঁর স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে নয়ন ও বর্ষার বিয়ে হয়। শুক্রবার দুপুরে দুজনে বিষপান করলে তাঁদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন জানান, বিষপানের পর হাসপাতালে আনা হলেও নয়নের কোনো প্রাণচিহ্ন মেলেনি। অপরদিকে বর্ষার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন