মেধাস্বত্ব সংরক্ষণে প্রশাসনিক দুর্বলতা রয়েছে: শিক্ষামন্ত্রী

মেধাস্বত্ব সংরক্ষণে প্রশাসনিক দুর্বলতা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে মেধাস্বত্ব নিবন্ধন ও ট্রেডমার্কের ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতা রয়েছে। এর ফলে দেশের মেধা বিদেশে গিয়ে নিবন্ধিত হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মেধাস্বত্ব দেশে ফিরিয়ে আনতে 'রিভার্স ব্রেইন-ড্রেইন' জরুরি। বিদেশে পড়তে যাওয়া মেধাবীদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের আরও উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী উদ্ভাবনের পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন এবং গবেষণার জন্য বাজেটে জিডিপির ৫ শতাংশ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট না থাকায় উদ্বেগ প্রকাশ করেন।

শিক্ষা বর্ষ ও ভর্তি পরীক্ষার সমন্বয়হীনতা নিয়ে মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কমিয়ে দিচ্ছে। আগামী ডিসেম্বরে ইন্টারমিডিয়েট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি ইউজিসিকে ভর্তি প্রক্রিয়া ও শিক্ষাবর্ষ সমন্বয়ের অনুরোধ করেন।

তরুণ প্রজন্মের মানসিকতা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ২৭ শতাংশ তরুণ গভীর বিশ্লেষণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তাদের মধ্যে 'ভাইরাল' হওয়ার প্রবণতা এবং শিক্ষক-মন্ত্রীদের প্রতি অশালীন আচরণের সংস্কৃতি দেখা যাচ্ছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরণের অপপ্রচারে সরকার বিব্রত।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন