ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। তবে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না। রোববার (২৬ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী সরকারের মন্ত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নানা দিক থেকে চক্রান্তমূলক ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে। দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকে সতর্ক থাকলে মৃত্যু ঠেকানো যেত। ভবিষ্যতে যেন হামে আর কোনো প্রাণহানি না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি একটি আন্তর্জাতিক সংকট। তবে সরকার তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে। রিনিউবল এনার্জি নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি রুফটপ সোলার প্যানেলের ওপর থেকে ট্যাক্স কমিয়ে শূন্যের কাছাকাছি নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে কর কমালে মানুষ বাড়ির ছাদে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচিসহ একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ