আবিদের অভিযোগের জবাবে যা বললেন ডাকসু ভিপি

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
আবিদের অভিযোগের জবাবে যা বললেন ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের আনা অপপ্রচার ও ফেসবুক পেজ পরিচালনার অভিযোগের পেছনে বিএনপি-ছাত্রদলের ‘সংঘবদ্ধ অ্যাকটিভিজম’ দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)। শনিবার (২৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কায়েম তাঁর পোস্টে উল্লেখ করেন, দেশের চলমান অস্থিরতা ও সরকারের ব্যর্থতা থেকে জনদৃষ্টি সরাতেই ছাত্রদল এই ধরনের তৎপরতা চালাচ্ছে। তিনি জানান, আবিদুল যে ‘ডিইউ ইনসাইডার্স’ পেজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তার অ্যাডমিন তাঁর হলের ছোট ভাই এবং ওমরাহ পালনের সময় সৌজন্যমূলক মেসেজ আদান-প্রদানকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, ‘ডিইউ ইনসাইডার্স’ পেজের আদলে অন্য একটি ভুয়া পেজ খুলে ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধেও অশালীন প্রচারণা চালানো হয়েছে, যার বিরুদ্ধে তাঁরা আগেই লিখিত অভিযোগ দিয়েছিলেন।

ডাকসু ভিপি পাল্টা অভিযোগ তুলে বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রদল ‘ডিপার্টমেন্ট অব বাকশাল’, ‘দ্য ডেইলি ডাকসু’সহ অসংখ্য পেজ খুলে নিয়মিত গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃত ছবি বানিয়ে হয়রানির চেষ্টাও চালানো হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক দিনে ছাত্রদল সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের সন্দেহজনকভাবে ধরে মারধর এবং ফোন তল্লাশি করছে, যা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

সাদিক কায়েম তাঁর পোস্টে বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ এনে বলেন, এসব গুরুতর অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থী-জনতা যথাসময়ে উপযুক্ত জবাব দেবে। এর আগে শুক্রবার একটি টেলিভিশন টক শোতে আবিদুল ইসলাম খান ডাকসু ভিপির বিরুদ্ধে ফেসবুক পেজ নিয়ন্ত্রণ ও অপপ্রচারের অভিযোগ তুলেছিলেন, যার প্রেক্ষিতে এই পাল্টাপাল্টি আলোচনা শুরু হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন