নড়াইলে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নড়াইলে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি ও অবৈধ মার্কেট বাণিজ্যের অভিযোগে নড়াইলের শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদ্রাসার সুপার আবুল হাসমতের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শাহাবাদ ইউনিয়নের দুর্গাপুর সচেতন যুব সমাজের আয়োজনে মাদ্রাসার সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়াজ হাসান, রাজ্জাক খান, আফজাল মোল্যা, ফাহিম আল আসাদ, পিয়াস ও আশিকুল ইসলামসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার সুপার আবুল হাসমত দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মাদ্রাসার সম্পদ কুক্ষিগত করে মার্কেট বাণিজ্য চালিয়ে আসছেন। এছাড়া মাদ্রাসার খেলার মাঠ থাকলেও তিনি সেখানে শিক্ষার্থীদের খেলাধুলা করতে দেন না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, একজন সুপারের এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। অনতিবিলম্বে অভিযুক্ত সুপার পদত্যাগ না করলে আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন