ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানাল হামলাকারী

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানাল হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেন নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ার পর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি কর্তৃপক্ষের কাছে এই হামলার মূল উদ্দেশ্য প্রকাশ করেছেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, অ্যালেন জানিয়েছেন যে তাঁর লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালানো।

তদন্তে জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে অ্যালেন হোটেলের লবিতে প্রবেশ করেন। তিনি কৌশলে নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনি একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করেন। তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় ওই রক্ষী প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শী ও সূত্রের বরাতে সিবিএস জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, কোল টমাস অ্যালেনকে সোমবার আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে—সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন