রায়পুরায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, থানায় মামলা

রায়পুরায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, থানায় মামলা

নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি আবাসিক বালিকা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রায়পুরা পৌর শহরের হাসিমপুর এলাকার জান্নাতুল বুশরা বালিকা আবাসিক মাদ্রাসায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। 

রোববার (২৬ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগীর মা রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের পারুল বেগম তাঁর মেয়েকে দুই মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি করান। অভিযুক্ত শিক্ষক জুনাইদ (৩৫) একই এলাকার বাসিন্দা। গত ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শিক্ষক জুনাইদ শিশুটির কক্ষে প্রবেশ করে তাঁর শ্লীলতাহানি করেন। পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাঁর খালার বাসায় নেওয়া হয় এবং পরে সেখানেই শিশুটি বিস্তারিত ঘটনা খুলে বলে।

পরিবারের দাবি, শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে। ২৫ এপ্রিল তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক জুনাইদ যে কক্ষে এই অপরাধ ঘটিয়েছেন বলে অভিযোগ, তার পাশেই তিনি তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই জুনাইদ গা ঢাকা দিয়েছেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসিমপুর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তজনা দেখা দেয়। এলাকাবাসী ও অভিভাবকরা শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, নরসিংদীর পুলিশ সুপারের নির্দেশনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন