ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: অনুষ্ঠান শেষে বেঁচে যাওয়া টাকা হল প্রশাসনের কাছে ফেরত দিয়ে সততার এক অনন্য নজির স্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল ছাত্রসংসদের নেতৃবৃন্দ।
রোববার (২৬ এপ্রিল) হল ছাত্রসংসদ আয়োজিত ‘বৈশাখী উৎসব-১৪৩৩’ শেষে এই অর্থ ফেরত দেওয়া হয়।
হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. নাঈম ইসলাম উৎসবের আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশের পর উদ্বৃত্ত ৫ হাজার ৭৪২ টাকা হল প্রাধ্যক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। নাঈম ইসলাম জানান, সততা ও জবাবদিহিতার জায়গা থেকে তারা প্রতিটি ব্যয়ের হিসাব সংরক্ষণ করেছেন। এমনকি ব্যবহৃত সামগ্রীর বস্তা ফেরত দিয়ে প্রাপ্ত সামান্য অর্থও তিনি হলের তহবিলে জমা দিয়েছেন।
উদ্বৃত্ত টাকা ফেরতের বিষয়ে ভিপি মো. নাঈম ইসলাম বলেন, "একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের কর্মী হিসেবে আমাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে শেখানো হয়। আমরা চেয়েছি সাধারণ শিক্ষার্থীদের অর্থের প্রতিটি পয়সার হিসাব বুঝিয়ে দিতে। ভবিষ্যতে কোনো কাজের প্রয়োজন হলে আবারও হল প্রশাসনের সাথে আলোচনা করে বরাদ্দ নেব, তবে অতিরিক্ত টাকা নিজেদের কাছে রাখার প্রশ্নই আসে না।"
সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হল প্রশাসন ও রাকসু থেকে উৎসবের জন্য মোট ১৭ হাজার টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে তারা ৫ হাজার ৭৪২ টাকা আমাকে বুঝিয়ে দিয়েছে। তাদের এই সততা সত্যিই প্রশংসনীয়। এই অর্থ শিক্ষার্থীদের কল্যাণে অন্য কোনো খাতে ব্যয় করা হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ