শিবপুরে শিক্ষককে মারধর: এলাকায় উত্তেজনা

শিবপুরে শিক্ষককে মারধর: এলাকায় উত্তেজনা

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় এক সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের মূল ফটকের সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আক্রান্ত শিক্ষকের নাম মনজিল মোল্লা, তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। সন্ত্রাসীদের উপর্যুপরি মারধরে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিয় শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা হামলাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে পুলিশ সদস্যরা আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ দুই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন—উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও গ্রামের রাশিদুল ইসলাম (২৬) ও ইমন (২০)। এ ঘটনায় জড়িত আরও একজন বর্তমানে পলাতক রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন, এসিল্যান্ড মুঃ আব্দুর রহিম, ওসি কোহিনূর মিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। ইউএনও’র সুষ্ঠু বিচারের আশ্বাসে প্রায় ৩ ঘণ্টা পর শিক্ষার্থীরা শান্ত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন