ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন-ইসলাম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-১ ও র্যাব-৯-এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি চৌকস দল আউয়ালকে ঘিরে ফেলে। মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৪ মার্চ দ্বীন-ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরবর্তীতে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রধান অভিযুক্ত পলাতক থাকায় এলাকায় তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছিল।
গ্রেপ্তারকৃত আব্দুল আউয়ালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটনের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ সম্পৃক্ত কি না, তা-ও নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন ও পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ