হামের টিকা নিয়ে ইপিআই-এর বিশেষ নির্দেশনা: ২৮ দিন পূর্ণ হওয়া বাধ্যতামূলক

হামের টিকা নিয়ে ইপিআই-এর বিশেষ নির্দেশনা: ২৮ দিন পূর্ণ হওয়া বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: শিশুদের হামের টিকা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। নির্দেশনায় জানানো হয়েছে, প্রথম ডোজ নেওয়ার পর অন্তত চার সপ্তাহ বা ২৮ দিন পূর্ণ না হলে কোনো শিশুকে পুনরায় হামের টিকা দেওয়া যাবে না।

ইপিআই-এর সহকারী পরিচালক ডা. হাসানুল মাহমুদ জানিয়েছেন, রুটিন অনুযায়ী বর্তমানে শিশুদের ৯ মাস বয়সে এমআর-১ এবং ১৫ মাস বয়সে এমআর-২ টিকা দেওয়া হচ্ছে। তবে চলমান বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় কোনো শিশুকে টিকা দিতে হলে, তার পূর্ববর্তী ডোজ গ্রহণের পর অবশ্যই ২৮ দিন অতিবাহিত হতে হবে। নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে টিকা দেওয়া সম্ভব নয়; সময় পূর্ণ হলে এবং কর্মসূচি চালু থাকলে তবেই ওই শিশু টিকা নিতে পারবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত ৯ মাস থেকে টিকা দেওয়া শুরু হলেও বর্তমানে উদ্ভূত পরিস্থিতি ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনায় ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস বয়স থেকেই টিকা দেওয়া হচ্ছে। ৬ মাস বয়সে এই টিকা দেওয়া নিরাপদ বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন