ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর: রংপুরে যৌতুকের দাবিতে রুবাইয়াত জাহান (২১) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর লিয়াকত আলী খানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে খান মোহাম্মদ লাব্বাইকের সঙ্গে রুবাইয়াতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদ গায়ের রং নিয়ে কটূক্তিসহ যৌতুকের জন্য তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ঢাকায় অবস্থানকালে স্বামীর পরকীয়া ও জোরপূর্বক গর্ভপাতের মতো ভয়াবহ নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। এক পর্যায়ে স্বামী ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
এ বছরের ২৬ জানুয়ারি রুবাইয়াত বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকে তাঁরা পলাতক থাকলেও শ্বশুর লিয়াকত আলী বাড়িতেই ছিলেন। গত ১৪ এপ্রিল রুবাইয়াত শ্বশুরবাড়িতে গেলে লিয়াকত আলী তাঁর ওপর চড়াও হন এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তাঁর ডান হাতের কনুইয়ের ওপর গুরুতর জখম হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা নতুন মামলায় প্রধান আসামি লিয়াকত আলী খানকে ১৫ এপ্রিল গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রুবাইয়াতের পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তাঁরা এই ঘটনার সাথে জড়িত স্বামীসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ