বাগেরহাটে আ: লীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে আ: লীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাহের মল্লিকের দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন স্থানীয়রা। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কার্তিকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সহস্রাধিক ভুক্তভোগী বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান এবং নির্যাতনের শিকার সুজা উদ্দিন বিশ্বাস, আব্দুল আজিজ শেখ, মাজেদ শেখ ও সাফিয়া বেগমসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, গত দেড় দশকে তাহের মল্লিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জমি দখল, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করা ছিল তাঁর নিত্যদিনের কাজ।

নির্যাতনের শিকার সুজা উদ্দিন বিশ্বাস বলেন, "তাহের বিগত ১৭ বছর বিএনপি কর্মীদের ঘর-বাড়ি ও ঘের লুটপাট করেছে। ৫ আগস্টের পর সে পালিয়ে গেলেও এখন দূর থেকে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকা অস্থির করার চেষ্টা করছে।" মাজেদ শেখ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে তাঁকে মারধর করে ১ লক্ষ ১৫ হাজার টাকা লুট করেছিলেন তাহের মল্লিক। এছাড়া জিহাদ বিশ্বাস নামে এক যুবক জানান, তাহেরের নির্যাতনে তাঁর বাবা আজ পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান বলেন, "২০১০ সালে তাহের মল্লিকের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার বাবার ওপর হামলা করে, যার জেরে দীর্ঘ দিন কোমায় থেকে তিনি মারা যান। আমরা এই ঘাতক ও অত্যাচারী নেতার সুষ্ঠু বিচার চাই।"

এসব অভিযোগের বিষয়ে কথা বলতে তাহের মল্লিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন