সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সজল মোল্লা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সজল মোল্লা নিজের জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত সজল মোল্লা ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে। পরিবারের উপার্জক্ষম এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে মহিষমারী কাচারিপাড়া গ্রামের পরিবেশ ভারি হয়ে ওঠে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন