বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বড় ধরনের এক মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উত্থারিয়াপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্থারিয়াপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আব্দুল হামিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুল হামিদ বিজয়নগর থানার কাশিনগর (পশ্চিম পাড়া) এলাকার মো. চেরাগ আলীর ছেলে।

বিজয়নগর থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি বজায় রয়েছে। জনস্বার্থে এ ধরণের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন