ময়মনসিংহে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

ময়মনসিংহে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেট সংলগ্ন এলাকায় সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক নেতা ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার সিএনজি স্ট্যান্ডটি জেলখানা গেট সংলগ্ন এলাকায় সরিয়ে নেয় প্রশাসন। মহানগর শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল ইসলাম দুলালের অভিযোগ, সেখানে নতুন স্ট্যান্ড স্থাপনের পর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল দৈনিক চাঁদা দাবি করে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল লোক চালকদের ওপর হামলা চালায়।

হামলায় আহতরা হলেন— নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রমজান আলী (৪৫) এবং সিএনজি চালক মো. রাশেদ (২৪)। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদুল ইসলাম দুলাল দাবি করেন, দুকুলের চাঁদাবাজিতে সিএনজি চালকরা অতিষ্ঠ এবং এর প্রতিবাদে ইতিপূর্বে মহাসড়ক অবরোধও করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত দেবব্রত দাস দুকুল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “স্টেডিয়াম এলাকায় জায়গা ভাড়া নিয়ে আমরা স্ট্যান্ড করেছি। সেখানে চালকদের নিজেদের মধ্যে গোলমাল হয়েছে। আমি হামলা করিনি, বরং আমার ওপর হামলা হয়েছে।”

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন