ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর নেওয়াজ তীর্থ মঞ্চ, পথনাটক ও টেলিভিশন—তিন মাধ্যমেই সমানতালে নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করছেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নাট্যপ্রযোজনায় যুক্ত থেকে নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে গড়ে তুলছেন তিনি।
বিভাগীয় প্রযোজনায় বিশ্ববিখ্যাত নাটক ‘Oedipus Rex’, ‘Tartuffe’, ‘The Seagull’ এবং ‘Round Heads and Pointed Heads’-এ কাজ করে বৈশ্বিক নাট্যরীতির অভিজ্ঞতা নিয়েছেন তীর্থ। দেশীয় ধ্রুপদী ও জনপ্রিয় নাটক ‘অভিষেক’, ‘রহিম রূপবান’, ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ এবং ‘সোনাই’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি মঞ্চের নেপথ্য কারিগরি দিকেও তাঁর ঝোঁক রয়েছে; ‘দুঃশাসন’ নাটকে তিনি আলোক নির্দেশকের দায়িত্ব পালন করেছেন।
মঞ্চের বাইরে তীর্থের বিচরণ রয়েছে সামাজিক সচেতনতামূলক পথনাটকেও। রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনার দাকোপের মতো প্রান্তিক এলাকায় পথনাটকের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে কাজ করেছেন তিনি। টেলিভিশন মাধ্যমেও তাঁর পদচারণা বাড়ছে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র ঈদ পর্বসহ বিভিন্ন বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অনলাইন কনটেন্টে নিয়মিত মুখ হয়ে উঠছেন তীর্থ।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তীর্থ জানান, অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোই তাঁর প্রধান লক্ষ্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে অভিনয় জগতেই স্থায়ী ক্যারিয়ার গড়তে চান তিনি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ