ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।
সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "হাম প্রতিরোধে টিকাদানই একমাত্র পথ। কিন্তু বিগত ১৫ বছরের স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারা এবং অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী সিদ্ধান্তহীনতায় মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজের সুযোগ হারান। এমনকি অনেকের বেতন-ভাতা নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। ২০২০ সালের পর ২০২৫ সালে একটি জরুরি টিকাদান হওয়া প্রয়োজন থাকলেও তখন তা করা হয়নি।"
ড. এম এ মুহিত আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা এবং ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হলো।
প্রতিমন্ত্রী জানান, দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ