ডোমারে অটোরিকশা শৃঙ্খলায় নতুন উদ্যোগ

ডোমারে অটোরিকশা শৃঙ্খলায় নতুন উদ্যোগ

মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার পৌরসভায় অটোরিকশা চলাচল ও পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টদের উপস্থিতিতে এই নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, শহরের যানজট কমাতে অটোরিকশা চালকদের জন্য নির্দিষ্ট স্থানে নাম্বার প্লেট বিতরণ করা হবে। নির্ধারিত ছয়টি পয়েন্ট হলো— পাট গোডাউন, শালকী ব্রিজের উত্তর পাশ, বাটার মোড়, বানোয়ারীর মোড়, আরডিআরএস সংলগ্ন নতুন ওয়াটার পার্ক এলাকা এবং চান্দিনাপাড়া।

শহরের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন দিক থেকে আসা অটোরিকশাগুলোর জন্য আলাদা পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে: দেবীগঞ্জ ও বোদা: পাট গোডাউনের পাশ। চিলাহাটি: শালকী ব্রিজ এলাকা। নীলফামারী ও ধরনীগঞ্জ: বাটার মোড়। ডিমলা, জলঢাকা ও আমবাড়ী: বানোয়ারীর মোড়।

সভায় বক্তারা বলেন, "ডোমার শহর সবার, তাই শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।" চালকরাও দোকানের সামনে বা গুরুত্বপূর্ণ মোড়ে এলোমেলোভাবে যানবাহন না রাখার এবং নিয়মিত পৌর কর পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।

সভায় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভা ও পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে শহরের যানজট পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন