ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মকবুলার রহমান, ডোমার (নীলফামারী): নীলফামারী সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে কচুকাটা ইউনিয়নের খুদিটারী আবুলের মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। পুলিশ জানায়, তল্লাশিকালে রুবেল ইসলামের কাছ থেকে ১০০ পিস এবং রাব্বী ইসলামের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাঁদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৯৭০ টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা।
আটককৃতরা হলেন— নীলফামারী সদরের উত্তরা শশী মিস্ত্রি পাড়ার মো. রুবেল ইসলাম (২৮) এবং কানিয়াল খাতা গাবেরতল এলাকার মো. রাব্বী ইসলাম (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ