গাজীপুর পাসপোর্ট অফিস আনসার ও দালালদের হাতে জিম্মি

গাজীপুর পাসপোর্ট অফিস আনসার ও দালালদের হাতে জিম্মি

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত আনসার সদস্য ও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়ছে। নতুন পাসপোর্ট করা, রিনিউ করা বা পাসপোর্ট সংগ্রহের প্রতিটি ধাপে গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। অফিসের গেট থেকে শুরু করে পাশের কম্পিউটার দোকান পর্যন্ত বিস্তৃত এই শক্তিশালী সিন্ডিকেট।

সরেজমিনে দেখা যায়, অফিসের গেটে পা রাখা মাত্রই যুবকদের একটি দল ভিজিটিং কার্ড হাতে এগিয়ে আসে। সরাসরি আবেদন করলে নানা ঝামেলার ভয় দেখিয়ে তারা 'অফিস খরচ' বাবদ ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দাবি করে। এই চক্রের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাও সরাসরি জড়িত। জনৈক আনসার সদস্য ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সরকারি ফি ৫ হাজার ৭৫০ টাকার বিপরীতে ৯ হাজার টাকা দাবি করার প্রমাণ পাওয়া গেছে।

সপোর্ট অফিসের নতুন ভবনকে কেন্দ্র করে আশপাশে অন্তত ২০টি কম্পিউটার দোকান গড়ে উঠেছে। এসব দোকানকে কেন্দ্র করেই মূলত দালাল চক্র পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, দালালদের মাধ্যমে জমা দেওয়া আবেদনে কোনো ভুল থাকলেও তা দ্রুত সমাধান হয়ে যায়, কিন্তু সাধারণ গ্রাহক নিজে আবেদন করলে সামান্য ভুলে মাসের পর মাস ঘুরতে হয়।

পাসপোর্ট অফিসের সিটিজেন চার্টার অনুযায়ী নির্ধারিত ফি’র চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের বিষয়ে স্থানীয়দের অভিযোগ—সহকারী পরিচালকসহ অনেক কর্মকর্তা-কর্মচারীর সাথে দালালদের গোপন আঁতাত রয়েছে। তবে এ বিষয়ে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভীন নুপুর ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং অফিসে এসে কথা বলার পরামর্শ দিয়েছেন।

ভুক্তভোগী ও সচেতন মহলের মতে, সরকারি এই গুরুত্বপূর্ণ সেবা দপ্তরে শৃঙ্খলা ফেরাতে এবং দালালমুক্ত করতে নিয়মিত তদারকি ও জনবল বাড়ানো জরুরি।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন