ময়মনসিংহে কমতে পারে ছিনতাই: অভিযানে গ্রেপ্তার ‘এন্ট্রি সাজ্জাদ’

ময়মনসিংহে কমতে পারে ছিনতাই: অভিযানে গ্রেপ্তার ‘এন্ট্রি সাজ্জাদ’

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ‘এন্ট্রি সাজ্জাদ’কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ ) নগরীর পাটগুদাম মদের ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিবের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. সাফায়েত হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আদালতের বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও সাজ্জাদ আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাজ্জাদ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম আটানী পুকুরপাড় এলাকার লিটন মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে:

  • তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্তসহ মোট ১৪টি মামলা রয়েছে।

  • সম্প্রতি জেল থেকে জামিনে মুক্ত হয়ে সে আবারও ছিনতাইকারী চক্র গড়ে তোলে।

  • আসন্ন ঈদ বাজারকে কেন্দ্র করে পাটগুদাম ব্রীজ মোড় ও ব্যস্ততম এলাকায় নিয়মিত ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।

  • গ্রেপ্তারের আগের দিনও এক চা দোকানদারের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ময়মনসিংহের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা পাটগুদাম ব্রিজ মোড়ে ছিনতাইকারীদের উপদ্রবে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। দুর্ধর্ষ এই অপরাধী গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা ছিনতাইমুক্ত পরিবেশ বজায় রাখতে এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার রাখার দাবি জানিয়েছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, সাজ্জাদের সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন