২৪ ঘণ্টায় ২০০-এর বেশি মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

২৪ ঘণ্টায় ২০০-এর বেশি মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের দাবি অনুযায়ী, এসব হামলায় অন্তত দুই শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে এবং খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার (৮ মার্চ ২০২৬) এই তথ্য জানানো হয়েছে।

ইরানি মুখপাত্রের দাবি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর ফিথ ফ্লিটের ওপর চালানো হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আল ডাফরা’য় বড় ধরনের হামলায় প্রায় ২০০ জন সেনা হতাহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইরানের দাবি, ধারাবাহিকভাবে চালানো এই ধ্বংসাত্মক অভিযানে মার্কিন বাহিনীর অবকাঠামো ও সামরিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটেছে বলে তেহরান দাবি করেছে।

এদিকে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কড়া বার্তা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইহিনী আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান বর্তমান মাত্রার তীব্র যুদ্ধ অন্তত ছয় মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী যেকোনো দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

ইরানের এই দাবি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। যদিও ওয়াশিংটন বা পেন্টাগনের পক্ষ থেকে এই বিশাল সংখ্যক হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

মন্তব্য করুন