ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযানে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে আব্দুস ছাত্তার রাজু নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ডাকাত আব্দুস ছাত্তার রাজু কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজুর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় দায়ের করা ডাকাতি মামলার জিআর-১৪৯/২৪ এবং জিআর-১৬/২০১৭-এ আদালতের ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে আত্মগোপন করেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়ালের নির্দেশনায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও পিছু নেয়। প্রায় দুই কিলোমিটার ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
কমলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ