ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে শ্রীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
"অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়" এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ইজারার নাম করে মহাসড়ক ও ফুটপাত দখল করে বাজার বসানোর ফলে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে—সড়কে সিসি ক্যামেরা মনিটরিং জোরদার করা, দ্রুততম সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করা এবং যানজটমুক্ত চলাচলের পরিবেশ তৈরি করা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই অবৈধ দখল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে উপস্থিত জনতা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত অভিযান পরিচালনার আহ্বান জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ