ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ও নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে এই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। সফরটির নতুন তারিখ পরবর্তী সময়ে সুবিধাজনক সময়ে জানানো হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিধি অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল সেখানে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। বর্তমানে ওই আসনে নির্বাচনি আমেজ বিরাজ করছে।
বগুড়া-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এ বিষয়ে বলেন, যেহেতু বগুড়া সদর আসনে বর্তমানে উপনির্বাচনের প্রক্রিয়া চলছে, সেহেতু এই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণের মতো বড় কর্মসূচি পালিত হলে নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সবসময় নিয়মের মধ্যে থাকতে পছন্দ করেন এবং পদের প্রভাব খাটিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলতে চান না বলেই এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া সফরকালে জানিয়েছিলেন যে, ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করতে বগুড়ায় আসবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। তবে নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে শেষ মুহূর্তে সফরটি পিছিয়ে দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ