ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষে প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আলমের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছাড়াও স্থানীয় দোকানি, পথচারী ও শ্রমজীবী মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন।
উদ্যোক্তা আরাফাত আলম বলেন, “আমরা চাই ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মাধ্যমে দেশ পুনরায় চূড়ান্ত স্বাধীনতা লাভ করুক। অতীতে বিভিন্ন সময় আধিপত্যবাদ কায়েমের মাধ্যমে স্বৈরাচারী হওয়ার চেষ্টা চালানো হয়েছে। এই গণভোটের মাধ্যমে আমরা সেই আধিপত্যবাদের অবসান চাই।”
অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিন আলম গণভোটের গণতান্ত্রিক গুরুত্ব তুলে ধরে বলেন, “রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরাসরি নাগরিকদের মতামত গ্রহণের প্রক্রিয়াই হলো গণভোট। অনেকে এই প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না, তাদের সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
উল্লেখ্য যে, আসন্ন সংসদ নির্বাচনের পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শাসনতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে এই গণভোটের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ