ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
'হ্যাক’ শব্দটির সাথে বর্তমানে আমরা সবাই কমবেশি পরিচিত। প্রযুক্তির নিরাপত্তা দেয়াল ভেদ করে অনধিকার প্রবেশকেই সহজ ভাষায় হ্যাক বলা হয়, যা মূলত এক ধরনের ডিজিটাল চুরি বা ডাকাতি। হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণত অর্থ ও তথ্য হাতিয়ে নেওয়া হয় অথবা ভুক্তভোগীর সামাজিক সম্মানহানি করা হয়।
বর্তমান সময়ে ফেসবুক, ইমেইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা অহরহ ঘটছে এবং এর প্রতিকার পাওয়া বেশ সময়সাপেক্ষ।
তথ্য সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ‘নীরা’র গবেষণা অনুযায়ী, বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে একটি সাইবার হামলা ঘটে। এসব হামলার ৭৫ শতাংশই হয় একক ইমেইল ব্যবহারের মাধ্যমে। প্রতিদিন প্রায় ৩০ হাজার ওয়েবসাইট হ্যাক হচ্ছে এবং হ্যাকাররা দৈনিক গড়ে ৩ লাখ নতুন ম্যালওয়্যার তৈরি করছে। বিশ্ব অর্থনীতিতে সাইবার অপরাধের কারণে বছরে প্রায় এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতি হচ্ছে।
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার (অনেকের মতে ১ বিলিয়ন ডলারের প্রচেষ্টা) চুরির ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল। এছাড়া বিভিন্ন সময়ে সেলিব্রেটিদের আইডি হ্যাকের ঘটনাও ঘটে।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে করা একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে নতুন করে হ্যাকিংয়ের আলোচনা শুরু হয়েছে। দলটির দাবি, আইডিটি হ্যাক করে ‘বিশেষ দলের’ সাইবার টিম এই কাজ করেছে।
তবে প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং তা দ্রুত পুনরুদ্ধার করা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া।
নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন জানান, সাধারণত ফিশিং লিংক, দুর্বল পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন না থাকার কারণে অ্যাকাউন্ট হ্যাক হয়। তবে অনেক সময় বিতর্কিত পোস্টের দায় এড়াতেও অনেকে আইডি হ্যাকের অজুহাত দেন।
তিনি জানান, ফরেনসিক তদন্তের মাধ্যমে লগইন হিস্ট্রি, আইপি অ্যাড্রেস এবং ডিভাইস অ্যাক্টিভিটি বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা বের করা সম্ভব।
অন্য এক বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের জানান, হ্যাকের দাবি সত্য হলে সংশ্লিষ্ট ডিভাইসের ম্যাক অ্যাড্রেস ও আইপি রেকর্ড থাকবে। ম্যালওয়্যার বা রিমোট অ্যাক্সেস ট্রোজান (আরএটি) ব্যবহার করা হলেও সেটি স্ক্যান করে শনাক্ত করা সম্ভব। ফলে কেবল মুখের দাবিতে হ্যাকিং নিশ্চিত করা যায় না, এর জন্য প্রয়োজন যথাযথ কারিগরি প্রমাণ।
আযহার/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ