ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শবনম ফারিয়া
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সমসাময়িক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবকিছু নিয়েই তিনি খোলামেলা মত প্রকাশে বরাবরই সাহসী। এবার নির্বাচনি প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে তার। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বাবার শান্ত স্বভাব এবং নিজের পরিবারের নারীদের ‘শাসন’ নিয়ে মজার স্মৃতিচারণ করেছেন।
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস। সম্প্রতি তার নির্বাচনী প্রচারণার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলো দেখেই ফারিয়ার এমন অনুভূতি হয়। তিনি লেখেন, “গত কিছুদিন নির্বাচনি প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।”
কেন এমন মনে হলো—তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। ফারিয়া জানান, তার বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা স্বভাবের মানুষ, বিপরীতে মা ছিলেন বেশ কড়া। দাদির শাসনে বড় হওয়া বাবার জীবন কেটেছে মা, স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্যেই—যা তিনি হাসিমুখে মেনে নিয়েছিলেন।
রসিকতার ছলে ফারিয়া লেখেন, “আমি প্রায়ই হাসতে হাসতে বলি, আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্ম। ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে আর পরে তিন কন্যাকে—এই ‘ভয়ংকর’ পাঁচ মহিলাকে হাসিমুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ!”
তবে পোস্টটি যে একেবারেই মজার ছলে লেখা, এতে রাজনীতি বা ধর্মের কোনো গুরুতর অর্থ খোঁজার সুযোগ নেই—সেটাও স্পষ্ট করে বলেছেন শবনম ফারিয়া। স্ট্যাটাসের শেষ অংশে সাংবাদিকদের উদ্দেশে তার অনুরোধ, “আল্লাহ ওয়াস্তে এটা নিয়ে নিউজ করবেন না। দয়া করে ধর্মীয় কোনো বিষয় জড়াবেন না—এটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ