মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জুবায়ের হোসেন রাকিব (২৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আজ মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
নিহত রাকিব খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিবের চাচার বাড়িতে নির্মাণাধীন একটি পাকা ভবনের কাজ চলার সময় আসামিরা চাঁদা দাবি করে। এই বিরোধের জেরে গত শনিবার রাত ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে এবং তার ছোট ভাইকে আহত করে। এর আগে, গতকাল সোমবার (১ জুন) সকালে নিহতের মা যোবেদা খাতুন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় ১০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
হত্যাকাণ্ডের ঘটনার পরদিন গত রোববার সকাল ১১টার দিকে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বসতঘর ও রান্নাঘরসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এদিকে রাকিব হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পুলিশের উপস্থিতিতে রাকিবের মরদেহ দাফন করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, মামলার ৩ নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন আছে। এছাড়া ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা