মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় গ্রামবাসী।
আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়ার গ্রামবাসীর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে গ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সাইটালিয়া সুটিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্যে এলাকাবাসী চরম অতিষ্ঠ। এলাকায় এখন প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে, যার ফলে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সেমিনার করে প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু এতে মাদক ব্যবসায়ীরা দমে না গিয়ে উল্টো আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী আরও অভিযোগ করেন, অনেক সময় মাদক ব্যবসায়ীদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হলেও অদৃশ্য কোনো এক শক্তিতে তারা কিছুক্ষণের মধ্যেই মুক্তি পেয়ে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। তাই মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। সেই সাথে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত জোরালো অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।
এআইএল/সকালবেলা