মোহাম্মদ আলী, চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম।
আজ সোমবার (১ জুন) তিনি স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজ মনোয়ারা বেগমের নিকট থেকে এই দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের ৩য় তলাস্থ বোর্ড রুমে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মিজ মনোয়ারা বেগমকে বিদায় এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে বরণ করে নেওয়া হয়। চট্টগ্রাম ওয়াসার সচিব মিজ শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় ওয়াসার বর্তমান ও প্রাক্তন এমডিদ্বয়, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/প্রকৌশল/অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, executive ম্যাজিস্ট্রেট এবং সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় ওয়াসার নতুন এমডি প্রকৌশলী জানে আলম সেলিম বলেন, “সবার আগে বাংলাদেশ— এ চেতনায় উদ্বুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সেবাধর্মী প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার যে দায়িত্বভার অর্পণ করা হয়েছে, আজ তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলাম।”
বাণিজ্যিক রাজধানীর বিপুল জনগোষ্ঠীকে যথাযথ সেবা প্রদানের সুযোগ দেওয়ায় তিনি মাননীয় এলজিআরডি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এলজিআরডি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ আমার কাছে আনন্দ আর গৌরববোধের চেয়ে এ সরকারের জনকল্যাণমুখী লক্ষ্য অর্জন ও গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাকে মূলত একটি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছি।” চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অনিয়ম-বিশৃঙ্খলা দূর করে সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তিনি সর্বস্তরের কর্মকর্তা ও অংশীজনদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এআইএল/সকালবেলা