শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?: রুমিন ফারহানা

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: “যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়?”— ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দর্শকনন্দিত চলচ্চিত্র 'বনলতা এক্সপ্রেস'-এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এই প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার শাহবাজপুর গ্রামে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রুমিন ফারহানা বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ সপরিবারে দেখার মতো একটি সিনেমা। দুর্নীতি, অর্থপাচার ও ব্যাংক লুটপাটের প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, রাষ্ট্র এসব অপরাধ এবং শিশুদের ওপর সহিংসতা বন্ধ করতে না পারলেও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধে মদদ দিচ্ছে। গত দুই বছরে উগ্রবাদের উত্থান, মাজার ভাঙচুর ও লাশ পোড়ানোর মতো ঘটনার সমালোচনা করে তিনি বলেন, এ দেশের মাটিতে অতীতে ধর্মীয় অনুভূতির পাশাপাশি সুস্থ সংস্কৃতির মেলবন্ধন ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি পরের প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

উক্ত মানববন্ধনে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ৩০ মে কওমি মাদরাসার শিক্ষার্থীদের আপত্তির মুখে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি সিনেমাটির প্রদর্শনী স্থগিত করতে বাধ্য হয় এবং একই রাতে কসবা উপজেলাতেও প্রশাসন গিয়ে এর প্রদর্শন বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন