গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো— ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশু দুটির স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনাটি নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
উল্লেখ্য, গ্রামাঞ্চলে অরক্ষিত পুকুর ও জলাশয়ে শিশুমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বারবার পুকুরের চারপাশে বেড়া দেওয়া এবং শিশুদের প্রতি অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে আসছেন।
এআইএল/সকালবেলা