মোহাম্মদ আলী, চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘সততা’ বাংলাদেশের রাজনীতির জন্য দুটি সমার্থক শব্দ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনেক কঠোর সমালোচক তাঁর বিরুদ্ধে অনেক কথা বললেও, শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা নিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি।
আজ বিকেলে শহীদ জিয়া স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে "স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান" শীর্ষক এই সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, ১৯৭১, ১৯৭৫, ৯০ এর গণঅভ্যুত্থান কিংবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ বাংলাদেশ যতবারই ক্রান্তিকাল অতিক্রম করেছে, শহীদ জিয়া ও তাঁর পরিবার ততবারই সামনে এগিয়ে এসে দেশবাসীর পাশে দাঁড়িয়েছে। জিয়া পরিবারের লক্ষ্য হলো পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জিয়া পরিবার সুরক্ষিত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হতে সময় লাগবে না। বিগত ১৭ বছর পুরো বাংলাদেশকে মিথ্যাচারের জালে আবৃত করে বিকৃত ইতিহাস রচনার অপচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তিনি মানুষকে সরল ও সাবলীলভাবে সত্য ইতিহাস জানানোর আহ্বান জানান। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ৩১-দফা বাস্তবায়নের তাগিদ দেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এবং মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা