কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় রাস্তা পার হতে যাওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিসান (১৭) নামের এক পর্যটক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর এবং এক নারী পথচারীসহ মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসা তিন পর্যটক জিসান, রাব্বি (১৮) ও আবির (১৬) মোটরসাইকেলযোগে লেম্বুরবন এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ মিম নামের এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে মোটরসাইকেল চালক তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় তীব্র গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের ওপর সজোরে ছিটকে পড়ে। এতে মোটরবাইকে থাকা তিন আরোহী এবং ওই নারী পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোর জিসানকে মৃত ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল বাতেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছিল। আহতদের মধ্যে রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পথচারী মিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা