সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১ জুন) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল যে একটি মাদকবাহী প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন— গাজীপুরের কাপাসিয়া থানার আড়াল বাজার এলাকার মো. করিম মোল্লার ছেলে মো. নাদিম মোল্লা; ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর মণিকুড়া এলাকার বাবুল মিয়ার ছেলে মো. বাছেদ মিয়া ওরফে রুবেল এবং শেরপুরের নকলা থানার সাহাপাড়া বাজার এলাকার মো. আব্দুল সামাদ তোতা মিয়ার ছেলে মো. মনির সরকার।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত বাছেদ ওরফে রুবেল এবং মনির সরকারের বিরুদ্ধে এর আগেও ১টি করে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল।
আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা