সিংড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
সিংড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় আমবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

আজ সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকার জীবন আলী ও হিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আমবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলেই জীবন আলী ও হিরার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাইফুল ইসলাম নামের অপর আরোহীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঘাতক ট্রাকটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতদের বাড়ি লালপুরের সাধুপাড়া এলাকায়। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে, একসঙ্গে লালপুরের দুই যুবকের প্রাণহানির ঘটনায় সাধুপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন