আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী (৪৭) কে ঘরের ভেতর একা পেয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফোরকান সম্পর্কে ওই ভুক্তভোগী নারীর মামাতো ভাই।
গতকাল রবিবার রাতে পৌর শহরের বাদুরতলী স্লুইস এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (১ জুন) সকালে ওই নারী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে তা মেরামতের জন্য স্থানীয় ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেওয়া হয়। পরে রাত নয়টার দিকে সে ওই ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। একপর্যায়ে ঘরের ভেতর ওই নারীকে একা পেয়ে ফোরকান তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
ফোরকানের আচমকা হামলায় ওই নারী তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করেন। এ সময় তাঁর ডাকচিৎকার শুনে পাশের গোয়াল ঘরে থাকা তাঁর স্বামী এবং সন্তান দ্রুত ঘরে ছুটে আসেন। তাঁরা ঘরের ভেতর ফোরকানকে হাতেনাতে আটকে ফেলেন। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধর্ষণ চেষ্টার অভিযোগে আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ফোরকান হাওলাদারকে আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”
এআইএল/সকালবেলা